নতুন মাইলফলকের দ্বারপ্রান্তে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন মাইলফলকের সামনে দেশের সবচেয়ে আলোচিত ও ব্যয়বহুল প্রকল্প পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এই বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জ্বালানি লোডিংয়ের মধ্য দিয়েই রূপপুর প্রকল্প উৎপাদন প্রক্রিয়ায় প্রবেশ করবে।
এদিন বিকেলে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আযাদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা-এর প্রধান রাফায়েল গ্রোসি এবং রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম-এর মহাপরিচালক আলেক্সি লিখাচেভসহ সংশ্লিষ্টদের উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের পর জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। পাশাপাশি চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে।
এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমেই ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানিয়েছেন, জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎখাতের বিদ্যমান সংকট অনেকটাই কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পদ্মা নদীর তীরঘেঁষা পাবনার ঈশ্বরদীর রূপপুরে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় ২০১৭ সালের ৩০ নভেম্বর থেকে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের সেপ্টেম্বর নাগাদ দুই ইউনিট মিলিয়ে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: কালবেলা











.webp)

.webp)
.webp)