স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চাই: প্রধানমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষকে সুস্থ রাখার পাশাপাশি অসুস্থ হওয়া থেকে দূরে রাখাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে চাইলে সুস্থ জাতি প্রয়োজন।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের চাচড়া এলাকার হরিণার বিলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো মানুষকে সুস্থ রাখা, অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমরা যদি দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে সুস্থ একটি জাতি প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আপনারা সরকারকে সহযোগিতা করলে আমাদের জন্য পুরো বিষয়টি সহজ হবে। আমাদের লক্ষ্য হলো, এই কাজগুলোকে এমনভাবে সামনে নিয়ে যাওয়া, যাতে আমরা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যসেবা সহজেই তাদের ঘরে পৌঁছে দিতে পারি। এটাই হোক আমাদের প্রত্যাশা, আমাদের আগামী দিনের পরিকল্পনা।’
প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে যশোর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়। এর সাথে ছিল ২৫০ শয্যার হাসপাতাল।
প্রসঙ্গত, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার যশোর মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয়। ওই সময় শহরের দক্ষিণে হরিণার বিলে ৭৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হলেও হাসপাতাল নির্মাণের কাজ না হওয়ায় শিক্ষার্থীদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে গিয়ে প্রাকটিক্যাল করতে হতো।










.webp)

.webp)
.webp)
