মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৩৭, ২৮ এপ্রিল ২০২৬

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘আওয়ার অব এআই’ ক্যাম্পেইন

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘আওয়ার অব এআই’ ক্যাম্পেইন
সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বিশেষ কার্যক্রম ‘আওয়ার অব এআই ইন বাংলাদেশ-২০২৬’। ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ২৬ মে পর্যন্ত। 

রোববার (২৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে জানানো হয়েছে, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের কোডিং এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে তোলা বর্তমান সময়ে অপরিহার্য। বিশ্বব্যাপী সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘Code.org’ পরিচালিত ‘আওয়ার অব এআই’ কার্যক্রমটি বাংলাদেশেও ২০২৩ সাল থেকে বাস্তবায়িত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর এস্পায়ার টু ইনোভেট (এটুআই)-এর কারিগরি সহায়তায় দেশজুড়ে সব মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। 

এই কার্যক্রমে মূলত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। শিক্ষার্থীদের ‘কিশোর বাতায়ন’ (konnect.edu.bd) প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই ক্যাম্পেইনে অংশ নিতে হবে। কার্যক্রমটি সফল করতে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের আইসিটি শিক্ষক এবং শিক্ষক বাতায়নের ‘ICT4E’ অ্যাম্বাসেডর শিক্ষকদের যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা এই কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

মাউশির চিঠিতে জানানো হয়েছে, এবারের ক্যাম্পেইনে শিক্ষার্থীরা বেশ কিছু মজাদার ও শিক্ষণীয় গেমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রাথমিক পাঠ নেবে। গেমগুলোর মধ্যে রয়েছে ‘ড্যান্স পার্টি (এআই এডিশন)’, ‘মিউজিক ল্যাব: জ্যাম সেশন’, ‘মিক্স অ্যান্ড মুভ উইথ এআই’, ‘এআই ফর ওশানস’ এবং ‘মাইনক্রাফট আওয়ার অব এআই’। 

এসব গেম খেলার মাধ্যমে শিক্ষার্থীরা ব্লক কোডিং, সিকোয়েন্স, লুপ, ইভেন্ট এবং মেশিন লার্নিংয়ের মতো জটিল বিষয়গুলো খুব সহজে ও আনন্দের সাথে শিখতে পারবে। কোর্স বা লেভেলগুলো সফলভাবে শেষ করলে শিক্ষার্থীরা সার্টিফিকেট পাওয়ার সুযোগও পাবে বলেও জানানো হয়েছে। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন