বুধবার   ০৬ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:৪৭, ৬ মে ২০২৬

মেহেরপুরে তুচ্ছ ঘটনায় খালাতো ভাইকে কুপিয়ে হত্যা

মেহেরপুরে তুচ্ছ ঘটনায় খালাতো ভাইকে কুপিয়ে হত্যা
সংগৃহীত

মেহেরপুর শহরের শেখপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেন (৪৫) নামের এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন শহরের শেখপাড়ার রেহেসান আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। অভিযুক্ত কালু মিয়া একই এলাকার আকবর আলীর ছেলে এবং নিহতের খালাতো ভাই।

নিহতের স্ত্রী আলিয়া খাতুন জানান, দুইদিন আগে তার স্বামী রিকশা নিয়ে প্রতিবেশী রাজুর বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগলে প্রাচীরটি কিছুটা নড়ে যায়। পরে দুইজন মিস্ত্রি এনে সেটি মেরামত করে দেওয়া হয়।

তবে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তেজনা তৈরি হয়। রাজুর স্ত্রী গালাগালি শুরু করেন এবং বাড়ির গেটসহ সবকিছু ঠিক করে দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজুর স্ত্রীর পক্ষ নিয়ে কালু মিয়া আমার স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে কালু মিয়া ধারালো দা দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় আমি ঘটনাস্থলেই ছিলাম।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা গোলামকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুইদিন আগেও একই বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এছাড়া রাজুর স্ত্রীর সঙ্গে কালু মিয়ার গোপন সম্পর্ক নিয়ে এলাকাজুড়ে আগে থেকেই আলোচনা ও উত্তেজনা ছিল।

এলাকাবাসীর ধারণা, আগের সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত কালু মিয়া ও রাজুর স্ত্রী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ০৬ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন