বুধবার   ০৬ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৪:১৮, ৬ মে ২০২৬

অনুমতি ছাড়া চুক্তি, সিটি কর্পোরেশন-পৌরসভাকে নতুন নির্দেশনা

অনুমতি ছাড়া চুক্তি, সিটি কর্পোরেশন-পৌরসভাকে নতুন নির্দেশনা
সংগৃহীত

উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার সঙ্গে সরকার তথা স্থানীয় সরকার বিভাগের অনুমতি ছাড়া দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভা চুক্তি স্বাক্ষর করছে। এ ইস্যুতে উন্নয়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের আগে স্থানীয় সরকার বিভাগের অনুমতি নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ (মঙ্গলবার) স্থানীয় সরকার বিভাগ থেকে সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সকল পৌরসভার প্রশাসক/প্রধান নির্বাহী কর্মকর্তা/পৌর নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের কোনো কোনো সিটি কর্পোরেশন ও পৌরসভা উন্নয়ন সহযোগী সংস্থা বা দাতা সংস্থার সাথে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন চুক্তি স্বাক্ষর করছে, যা সরকার তথা স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি ব্যতীত সম্পাদিত হচ্ছে।

এ ধরনের কার্যক্রম সরকারি নীতিমালা ও বিধিবিধানের পরিপন্থী হওয়ায় সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাকে উন্নয়ন সহযোগী সংস্থা বা দাতা সংস্থার সাথে যেকোনো প্রকার উন্নয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগে আবশ্যিকভাবে সরকার তথা স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি গ্রহণ করা প্রয়োজন বলেও এতে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাকে উন্নয়ন সহযোগী সংস্থার সাথে যেকোনো প্রকার উন্নয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে আবশ্যিকভাবে সরকার তথা স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি গ্রহণ করার জন্য সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাকে নির্দেশনা দেওয়া হলো।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি ব্যতীত কোনো সিটি কর্পোরেশন বা পৌরসভা ইতোমধ্যে কোনো উন্নয়ন সহযোগী সংস্থা বা দাতা সংস্থার সাথে উন্নয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করে থাকলে জরুরিভিত্তিতে তার তথ্য এ বিভাগে পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বুধবার   ০৬ মে ২০২৬ || ২২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন