বুধবার   ১৩ মে ২০২৬ || ২৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:৩৭, ১৩ মে ২০২৬

নিজের নির্মাণাধীন বাড়ির বালুর স্তুপে মিলল নারীর মরদেহ

নিজের নির্মাণাধীন বাড়ির বালুর স্তুপে মিলল নারীর মরদেহ
সংগৃহীত

ফেনীর সদর উপজেলার শর্শদিতে নির্মাণাধীন ঘরের বালুর স্তুপ থেকে রিনা আক্তার (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাত ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম জেরকাছাড় এলাকায় তাদের নির্মাণাধীন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রিনা আক্তার ওই এলাকার প্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী। পরিবারে তার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রিনা আক্তার তার স্বামীর ক্রয়কৃত জমির পাশের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। পাশেই তাদের নতুন বাড়ির নির্মাণ কাজ চলছে। মঙ্গলবার বিকেল থেকে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে ছোট ছেলে রাজু। একপর্যায়ে সন্ধ্যার পর পাশের নির্মাণাধীন বাড়িতে খোঁজ করতে গেলে ঘরের মেঝেতে বালুর স্তুপের মধ্যে মায়ের মরদেহ দেখতে পান ছেলে। পরে তার চিৎকার শুনে আশপাশের মানুষজন জড়ো হন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

নিহতের ছেলে রাজু বলেন, আমি বিকেলে আম্মুকে খুঁজতে নতুন বাড়ির ঘরে গেলে সাইফুল রাজমিস্ত্রিকে সেখানে দেখতে পেয়েছি। আম্মু কোথায় জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার ফুফুর বাড়িতে। তিনি সেখানে কাজ করছেন। আম্মুকে টাকা দিতে বলার জন্যও আমাকে বলেন। একপর্যায়ে আমার বোনসহ সেই ঘরে গিয়ে বালুর নিচে আম্মুর মরদেহ দেখতে পাই।

নিহতের স্বজন আকলিমা আক্তার বলেন, রিনাকে কেউ হত্যা করে মরদেহ বালুর নিচে চাপা দেওয়ার চেষ্টা করেছে। তিনি প্রতিদিনের মতো আজও নির্মাণাধীন ঘরে পানি দিতে গিয়েছিলেন। তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ছোট ছেলে রাজু তার বোনকে জানায়। পরে তারা সেখানে গিয়ে মায়ের মরদেহ বালুর স্তুপে দেখতে পান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহতের বড় সন্তান জড়িত থাকতে পারে। তারা দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত। সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। এ ঘটনার পর থেকে সাইফুল পলাতক রয়েছে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বুধবার   ১৩ মে ২০২৬ || ২৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন