সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৩, ২৫ মে ২০২৬

বাড়ির পাশে ক্ষেপণাস্ত্র হামলা: আতঙ্ক জয় করে ফ্রেঞ্চ ওপেনে কোস্তিউক

বাড়ির পাশে ক্ষেপণাস্ত্র হামলা: আতঙ্ক জয় করে ফ্রেঞ্চ ওপেনে কোস্তিউক
সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজের বাসার কয়েক মিটার দূরে আছড়ে পড়েছে রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের সেই ভয়ঙ্কর ছবি ও খবর মাথায় নিয়ে আজ রবিবার ফ্রেঞ্চ ওপেনের ক্লে কোর্টে নেমেছিলেন তারকা মার্তা কোস্তিউক। মানসিক উদ্বেগ ও আতঙ্ককে জয় করে ওকসানা সেলেখমেতেভাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কোস্তিউক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ভেতরের চরম মানসিক ট্রমার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন কোস্তিউক। তিনি জানান, ম্যাচের কয়েক ঘণ্টা আগে তিনি কিয়েভ থেকে ধ্বংসলীলার ছবি পান যেখানে তার মা, বোন ও খালা রাত কাটিয়েছেন।

কোস্তিউক বলেন, ‘আমি ভাবতেই শিউরে উঠছিলাম যে, ক্ষেপণাস্ত্রটি যদি আর মাত্র ১০০ মিটার কাছাকাছি পড়ত, তবে আজ হয়তো আমার মা এবং বোন বেঁচে থাকত না। টেনিস একটি মানসিক খেলা, কিন্তু আজকের লড়াইটি ছিল সম্পূর্ণ অন্যরকম। আমি জানতাম না কীভাবে মনোযোগ ধরে রাখব বা নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারব কি না।’

চরম পারিবারিক দুশ্চিন্তা সত্ত্বেও কোর্টে কোনো প্রভাব পড়তে দেননি কোস্তিউক। দাপুটে টেনিস খেলে প্রথম সেট ৬-২ ব্যবধানে নেওয়ার পর দ্বিতীয় সেটেও ৬-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন। এমনকি খেলার মাঝেই দর্শকদের চমকে দিয়ে দারুণ এক আন্ডারআর্ম সার্ভ করেন তিনি। হাসিমুখে কোস্তিউক বলেন, ‘যখন আমি ম্যাচে কিছুটা জায়গা পাই, এটা করতে ভালোবাসি। প্রতিপক্ষরা সবসময় এটা দেখে চমকে যায়।’

টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার কথা ভাবেননি জানিয়ে তিনি বলেন, ‘সবাই বেঁচে আছে, ভালো আছে। যদি আরও খারাপ কিছু ঘটত তবে হয়তো কোর্টে নামা কঠিন হতো। কিন্তু আজকে আমি জানতাম যে আমাকে মাঠে নেমে লড়তে হবে।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

সোমবার   ২৫ মে ২০২৬ || ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন