প্রথম প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের মুনাফা বেড়েছে ৩৬ শতাংশ
চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জ্বালানি খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আয় ও নিট মুনাফা দুটোই আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। এর মধ্যে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৮ শতাংশ এবং নিট মুনাফা বেড়েছে ৩৬ শতাংশের বেশি।
বুধবার (৭ মে) অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। বৃহস্পতিবার (৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে লিন্ডে বাংলাদেশের আয় হয়েছে ৫৯ কোটি ২০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৫ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে প্রথম তিন মাসে কোম্পানিটির আয় বেড়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ।
এদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০ কোটি ৯৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৮ কোটি ৫ লাখ টাকা। সে হিসেবে নিট মুনাফা বেড়েছে ৩৬ দশমিক ৪৮ শতাংশ।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ২৯ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৭ টাকা ৫৩ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে লিন্ডে বাংলাদেশের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২২ টাকা ৬০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১০ টাকা ৩১ পয়সায়।
সূত্র: ঢাকা পোষ্ট











.webp)


.webp)


