বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ || ২০ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:৫৮, ৫ মার্চ ২০২৬

কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার

কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার
সংগৃহীত

নারী এশিয়ান কাপের অভিষেক ম্যাচে বাংলাদেশ ডিফেন্ডিং ও সর্বাধিক নয়বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে দুর্দান্ত খেলেছে। প্রথমার্ধে ২ গোল হজমের পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আর বল পাঠাতে পারেনি চীন। বিশ্বকাপে নিয়মিত খেলা চীনের বিপক্ষে ঋতুপর্ণাদের এমন পারফরম্যান্সে সবাই যারপরনাই মুগ্ধ। তবে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলাদেশের প্রশংসা করলেও, খানিকটা দুর্বলভাবে আখ্যায়িত করেন চীনকে। যে কারণে তার কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার।

গতকাল ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহফুজা আক্তার কিরণ বর্তমান চ্যাম্পিয়ন চীন ও বাংলাদেশের ম্যাচের পারফরম্যান্স নিয়ে বলেন, ‘চায়না দলে অনেক বেশি বয়স্ক। তারা মাঝে-মধ্যে দাঁড়িয়ে গেছে। তারা অফফর্মে, ফর্ম নেই। আমি আগে চায়নার খেলা দেখেছি, এই ম্যাচ দেখে আমি স্পিসলেস হয়েছি। বাংলাদেশের আসল পরীক্ষা উত্তর কোরিয়ার ম্যাচ।’ শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে অসাধারণ লড়াইয়ের পর নারী উইংয়ের চেয়ারম্যানের এমন মন্তব্যে বিব্রত বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।

আজ (বৃহস্পতিবার) উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ কিরণের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। প্রশ্নোত্তরের একপর্যায়ে দলীয় পরিকল্পনা জানাতে গিয়ে বাটলার বলেন, ‘মিস কিরণের মতো বলতে হয় উই হ্যাভ অ্যা প্ল্যান।’ কিরণের নাম কোচ নিজেই উচ্চারণ করায় কিছুক্ষণ পর টুর্নামেন্ট কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিক কোচকে জিজ্ঞেস করেন– গতকাল কিরণ চীন নিয়ে ঢাকায় মিডিয়াকে করা মন্তব্য দেখেছেন কি না। এরপরই কোচ কিরণের সমালোচনায় মেতে উঠেন।

ব্রিটিশ কোচ পিটার বাটলার বরাবরই কাঠখোট্টা। খেলোয়াড়, ফেডারেশন এমনকি মিডিয়ার সমালোচনা করতে পিছপা হন না তিনি। নারী ফুটবল দলের কোচ সরাসরি বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের মন্তব্যকে ‘কমপ্লিটলি ননসেন্স’ হিসেবে আখ্যায়িত করেছেন। কিরণের মন্তব্য বোধহীনের পাশাপাশি ভুল ও প্রতিপক্ষের জন্য অসম্মানজনক বলেও ব্যাখ্যা দিয়েছেন ব্রিটিশ কোচ, ‘চাইনিজ দল নিয়ে বাফুফের একজন সদস্যের এরকম মন্তব্য করা অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। দলের প্রতি সম্মান জানানো উচিত শুধু আমাদের নয়, তারা অবশ্যই শক্তিশালী দল।’ 

বিশ্বজুড়ে ক্লাব ফুটবল সমাদৃত। বাংলাদেশ নারী ফুটবল লিগে ভুরিভুরি গোল হয়। সম্প্রতি নাসরিন স্পোর্টিং ক্লাবের অনেক ম্যাচে দশের অধিক গোল হয়েছে। তাই তিনি বাংলাদেশের দুটি ক্লাবের উদাহরণ টেনে বলেন, ‘তারা (বাংলাদেশ) নাসরিনের (বাংলাদেশের নারী লিগের দল) হয়ে খেলে না, সবচেয়ে শক্তিশালী দলই তারা। ওই (চাইনিজ) দলের খেলোয়াড়রা ফরাশগঞ্জের (বাংলাদেশের আরেক ক্লাব) নয়, তারা চাইনিজ ও পিএসজির হয়ে ফরাসি লিগে খেলে।’ 

বাফুফের দায়িত্বশীল কর্মকর্তা হয়ে এরকম মন্তব্য মোটেও প্রত্যাশিত ও পেশাদার নয়। এরপরও সেই কর্তার ফুটবল জ্ঞান ও বোধ নিয়ে আগে থেকেই নিশ্চিত থাকায় বাটলারের কাছে প্রত্যাশিতই ছিল, ‘আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন, কিন্তু আমার কাছে এটা প্রত্যাশিতই ছিল।’

বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ এশিয়ান চ্যাম্পিয়ন চীনকে নিয়ে অসম্মানজনক ও অপ্রয়োজনীয় মন্তব্য করেছেন। যা তার অবস্থান থেকে করা অনুচিত, অন্যদিকে কোচ পিটার বাটলার অনেক সময় অনেক বিষয় সুকৌশলে এড়িয়ে যান। মূলত তিনি যার তত্ত্বাবধানে থাকেন, সেই কর্তার মন্তব্যের সমালোচনা যৌক্তিক হলেও প্রকাশ্যে এভাবে বলাটাও প্রকৃত শিষ্টাচার নয়।

এজেড/এএইচএস

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ