বগুড়ায় সেচ পাম্পের জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, গ্রেপ্তার ১
বগুড়ার গাবতলীতে সেচ পাম্পের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে আব্দুল লতিফ (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ মার্চ) জামালপুর জেলার মেলানদহ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম গৌরব সিংহ (৩৩)। তিনি গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার জ্ঞানেন্দ্র নাথ সিংহের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সকাল নয়টার দিকে গাবতলী উপজেলার নিশিন্দারা গ্রামের শালমারা মাঠের একটি শ্যালো মেশিন ঘরের পাশ থেকে আব্দুল লতিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
নিহতের পরিবার জানায়, ২৮ মার্চ রাতে খাবার খেয়ে লতিফ প্রতিদিনের মতো নিজের শ্যালো মেশিন ঘরে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে, ওই রাতে ১০টা থেকে পরদিন সকাল ছয়টার মধ্যে কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, সেচ পাম্পের জমি নিয়ে নিহত লতিফের সঙ্গে গৌরব সিংহের বিরোধ ছিল। কয়েক বছর আগে জমি বিক্রির পর দলিল সম্পন্ন না হওয়ায় টাকা ফেরত দেয়া হলেও পাম্প সরানো নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ও মারামারির ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, তদন্তে জানা গেছে, ঘটনার রাতে গৌরব সিংহ জামালপুর থেকে গাবতলীতে এসে লতিফকে একা পেয়ে মারধর করেন। একপর্যায়ে কোদাল দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন। পরে তিনি আবার জামালপুরে চলে যান। ঘটনাস্থলের পাশ থেকে একটি মোবাইল ফোন ও একটি ব্যাংক কার্ড উদ্ধার করা হয়, যা গ্রেপ্তার আসামির বলে নিশ্চিত হওয়া গেছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি কোদালও উদ্ধার করা হয়। এ ঘটনায় গাবতলী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: channel24bd














