খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নীরব নামে অন্য এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ফুলতলা উপজেলার দামোদর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সাব্বির ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে। আহত নিরব একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হামলাকারী ও হতাহত উভয় একই বয়সী। তারা একে-অপরের বন্ধু। দুদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সাব্বির ও নিরবকে পেয়ে পেটে ছুরিকাঘাত করেন তিনি। এ ঘটনায় ছুরিকাহত সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অন্যদিকে নিরবের পেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত সাব্বিরের বাবা মোস্তফা জানায়, সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার একটু পরে বাড়িতে ফিরে আসে। খাওয়া শেষ করে ঘর থেকে বের হয়ে আড্ডার জন্য বাড়ির পাশে একটি দোকানে অবস্থান করে। তিনি বাড়ি থেকে বাজারে যান। সেখানে সাব্বিরের এক বন্ধু তাকে জানায়, ছেলেকে ছুরি মেরেছে দুর্বৃত্তরা। সেখান থেকে সাইকেল চালিয়ে হাসপাতালে আসেন তিনি। স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনি জানতে পারেন, সাব্বিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। সাব্বির স্থানীয় একটি ডিশ লাইন প্রতিষ্ঠানে চাকরি করতেন। নিহত হওয়ার আগেও তিনি সেখানে ডিউটি করেছেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা উভয় একে-অপরের বন্ধু। ৪-৫ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে এটা জানা গেছে, তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।
সূত্র: ঢাকা পোষ্ট







.webp)
.webp)

.webp)



