রাজবাড়ীতে এনআই অ্যাক্ট মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এনআই অ্যাক্ট মামলার এক বছরের সাজা ও ৩৪ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মানবপাচারকারী তোফাজ্জেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ।
এর আগে, মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর ইমামবাড়ি-সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তোফাজ্জেল হোসেন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর ইমাম বাড়ি-সংলগ্ন এলাকার সোরাপ সরদারের ছেলে। সে একজন পেশাদার মানবপাচারকারী দলের সদস্য বলে জানা গেছে।
জানা গেছে, তোফাজ্জল হোসেন ও তার ইতালি প্রবাসী ভাই মোফাজ্জেল হোসেন দীর্ঘদিন ধরে ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষদের কাছ থেকে অর্থ নিয়ে তাদেরকে ইতালি না পাঠিয়ে সেই অর্থ হাতিয়ে নেন। পরে তারা কিছু ব্যক্তির সামান্য টাকা পরিশোধ করলেও বাকি টাকা পরিশোধ করতে না পেরে ওই সব ব্যক্তিদের ভুয়া চেক দেন। তারা দুই ভাই অর্থ হাতিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এ ঘটনায় তোফাজ্জলের নামে রাজবাড়ী আদালতে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। যার সিআর-৮৪/২৫, এসসি-৪৯৫/২৫। পরে যুগ্ম দায়রা জজ ১ম আদালত তাকে এক বছরের সাজাসহ ৩৪ লাখ টাকা জরিমানা করেন। পরে তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাজা হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন মানব পাচারকারী দলের এই সদস্য তোফাজ্জল।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানার এসআই(নি.)/সাহাবুদ্দিন খান সঙ্গীয় অফিসারসহ রাজবাড়ী সদর থানার সোনাকান্দর এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সদর থানা এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সাজাসহ ৩৪ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত তোফাজ্জল নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়ছে। তাকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূত্র: ঢাকা পোষ্ট








.webp)



.webp)
