সোমবার   ১১ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:৫২, ১১ মে ২০২৬

১৫ মে থেকে বাজারে আসছে নাটোরের আম

১৫ মে থেকে বাজারে আসছে নাটোরের আম
সংগৃহীত

চলতি মৌসুমে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করেছে নাটোর জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে জেলার চাষি ও ব্যবসায়ীরা গাছ থেকে আম নামাতে পারবেন। ওই দিন থেকে প্রথমে বাজারে আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে।

সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভায়’ এ সময়সূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ১৫ মে থেকে গুটি, ২৫ মে থেকে গোপালভোগ, ৩০ মে থেকে রানি পছন্দ ও ক্ষিরসাপাত, ৫ জুন থেকে লক্ষণভোগ, ১৫ জুন থেকে ল্যাংড়া ও আম্রপালি, ২৫ জুন থেকে মোহনভোগ ও হাড়িভাঙ্গা, ৩০ জুন থেকে ফজলি, ৫ জুলাই থেকে মল্লিকা, ১৫ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ১০ আগস্ট থেকে গৌরমতি আম সংগ্রহ করা যাবে।

এছাড়া লিচু সংগ্রহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। ১৭ মে থেকে মোজাফফর জাতের এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণ করা যাবে।

জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। জনস্বাস্থ্য সুরক্ষায় বাগানে রাসায়নিকমুক্ত ফল উৎপাদনে প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, পরিপক্ব ফল সংগ্রহ ও কষজনিত পচন ঠেকাতে বোঁটাসহ আম পাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিরাপদ ফল উৎপাদনে ব্যাগিং পদ্ধতি অনুসরণেরও পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নাটোর জেলার ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচুবাগান থেকে ৭ হাজার ৫৪০ টন লিচু এবং ৫ হাজার ৬৯৩ হেক্টর আমবাগান থেকে ৬৮ হাজার ৩১৬ টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

সোমবার   ১১ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন