সোমবার   ১১ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৩:৫৫, ১১ মে ২০২৬

নিয়ম লঙ্ঘন, ডাগআউটের কাছে ছবি তোলা—আইপিএল মালিকদের আচরণে ক্ষুব্ধ বোর্ড

নিয়ম লঙ্ঘন, ডাগআউটের কাছে ছবি তোলা—আইপিএল মালিকদের আচরণে ক্ষুব্ধ বোর্ড
সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিদের জন্য জারি করা গাইডলাইন বারবার লঙ্ঘন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সম্প্রতি প্রকাশিত বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার নির্দেশিকা অনুযায়ী, ম্যাচ চলাকালে প্লেয়িং এরিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের। এছাড়া খেলোয়াড় বা টিম স্টাফদের সঙ্গে কোনো ধরনের শারীরিক বা মৌখিক সংস্পর্শ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।

কিন্তু এই নিয়মগুলো কিছু ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে একাধিকবার লঙ্ঘন করার অভিযোগ ওঠায় অসন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, বোর্ড সব ফ্র্যাঞ্চাইজিকে সাফ সাফ জানিয়ে দিয়েছে, আবার কোনো ধরনের নিয়ম লঙ্ঘন হলে কঠোর পদক্ষেপ নেবে তারা।

লিগের নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে অবগত এক কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, ‘দলের মালিকদের আচরণ অন্যতম উদ্বেগের কারণ। তারা বারবার নিয়ম লঙ্ঘন করছে এবং সহযোগিতা করছে না। প্রমাণস্বরূপ, ডাগআউটের কাছে তোলা তাদের ছবি আছে। কেউ কেউ তো মাঠে তাদের ফোনও নিয়ে যাচ্ছে। তাদের সতর্ক করা হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না।’

এর আগে সম্ভাব্য হানি ট্র্যাপ সংক্রান্ত উদ্বেগ নিয়ে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সবাইকে সতর্ক করেছিল। টি-টোয়েন্টি লিগে খেলোয়াড় কিংবা কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন অসদাচরণসহ নানান গুরুতর অভিযোগ ঠেকাতে বোর্ড কঠোর অবস্থান নিয়েছে।

বিসিসিআই ও আইপিএল অপারেশন্স টিমের সদস্যদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। হোটেল রুমে অননুমোদিত প্রবেশ ঠেকাতে কাজ করবে তারা। ইতোমধ্যেই নিয়ম লঙ্ঘনের ব্যাপারে সম্ভাব্য শাস্তির ধরন জানিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

সোমবার   ১১ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন