বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৩৪, ২৩ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্র দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোসেন (১১) ও  রহমত (৮)। হোসেন মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং রহমত আলী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। তারা মাঝিনা গ্রামের মো. এনামুল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার স্কুল ছুটি হওয়ার পর হোসেন ও রহমত বাড়িতে আসে। এরপর তারা চার সহপাঠী মিলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়। তাদের সাথে থাকা চাচাতো ভাই আল ইমরান কিছুক্ষণ পর হোসেন ও রহমতকে দেখতে না পেয়ে চিৎকার করে তাদের বাবাকে খবর দেয়।

খবর পেয়ে বাবা এনামুল হক ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুই ভাইকে পানি থেকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পেট থেকে পানি বের করে দ্রুত দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মিঠু সরকার বলেন, সন্ধ্যায় জরুরি বিভাগে হোসেন ও রহমত নামে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে নিয়ে আসা হয়েছিল। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান রাত সাড়ে ৮টায় বলেন, মাঝিনা গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা আপন দুই ভাই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ || ৯ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন