বুমরাহর উইকেট খরা ও মুম্বাইয়ের দুর্দশা: দায় নিলেন জয়াবর্ধনে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরটা একদম ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। পাঞ্জাব কিংসের বিপক্ষে সাত উইকেটে হারের পর ৫ ম্যাচে ৪ হার নিয়ে পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে তারা। দলের এমন বিপর্যয়ের পর কোচ মাহেলা জয়াবর্ধনে স্বীকার করেছেন যে, অন্যান্য দলগুলো মুম্বাইয়ের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলছে।
তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ওপর হারের সব দোষ দিচ্ছেন না জয়াবর্ধনে। তিনি বলেন, ‘দলের এই অবস্থার দোষ শুধু হার্দিকের নয়, এটি আমাদের সবার। যখন দল ভালো করে না, তখন ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমি এবং আমরা সবাই দায়ী। আমাদের ছন্দ খুঁজে পেতে হবে এবং কিছু জয় বের করে আনতে হবে। যা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
জাস্প্রিত ব্রমরাহকে নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আসরে টানা ৫ ম্যাচ খেলে এখনও কোনো উইকেটের দেখা পাননি এই তারকা পেসার। পাঞ্জাব কিংসের বিপক্ষে তার ইকোনোমি ১০ এর বেশি।
জয়াবর্ধনে বলেন, ‘বুমরাহ ভালো বল করছে। কিন্তু পাওয়ার প্লেতে আমরা চাপ তৈরি করতে পারছি না। প্রতিপক্ষ ব্যাটাররা জানে বুমরাহর বিপক্ষে ঝুঁকি না নিলেও চলে। অনেক সময় উইকেট পেতে কিছুটা ভাগ্যেরও দরকার হয়। আশা করছি, একবার উইকেট পাওয়া শুরু করলে তাকে আর থামানো যাবে না।’
ইনজুরির কারণে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ছিলেন না রোহিত শর্মা। এছাড়া মিচেল স্যান্টনার এবং হার্দিক পান্ডিয়াও অসুস্থতার কারণে ভুগেছেন। রোহিতের ফেরার বিষয়ে জয়াবর্ধনে সতর্ক বার্তা দিয়ে বলেন, ‘রোহিত গতকাল দৌড়ানো শুরু করেছে। আমরা প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করছি। এটি খুব সিরিয়াস কিছু নয়। তবে আমরা তাকে তাড়াহুড়ো করে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চাই না।’
জয়াবর্ধনের মতে, বোলিং ইউনিট হিসেবে মুম্বাই প্রতিপক্ষকে চেপে ধরতে পারছে না। ভিন্ন ভিন্ন পিচে ব্যাটারদের আউট করার মধো ধারালো বোলিংয়ের অভাব স্পষ্ট। বিশেষ করে বুমরাহর ওপর থেকে চাপ কমাতে অন্য বোলারদের এগিয়ে আসার তাগিদ দেন তিনি।
সূত্র: ঢাকা পোষ্ট







.webp)
.webp)






