বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৭:০২, ১২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটে খাল পরিদর্শনে ত্রাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে লালমনিরহাটে খাল পরিদর্শনে ত্রাণমন্ত্রী
সংগৃহীত

আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার মণ্ডলেরহাট এলাকায় ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে খালটি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এসময় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই খালটিকে মডেল খাল বলছি এই কারণে যে, আমরা যে খালগুলো বাংলাদেশ খনন করি সেগুলো শুধু পানি ধরে রাখার জন্য ও পানি নিষ্কাশন করার জন্য কিন্তু এই খালটি বহুমাত্রিক কাজে ব্যবহার করা হবে।

মন্ত্রী বলেন, এখানে আমরা খালের দুই ধারে গাছ লাগাব। এখানে কৃষকেরা হাঁস চাষ করবে, মাছ চাষ করবে এবং এখানে কুটির শিল্প গড়ে তোলা হবে। সেজন্য আমরা এটিকে মডেল বলছি এবং এই এলাকায় যারা হতদরিদ্র রয়েছে তাদেরকে সমবায়ভিত্তিক গ্রুপ করে দেবো। এখানে উপকারভোগীদের আমরা চিহ্নিত করছি, তাদেরকে আমরা ট্রেনিং করাবো। তারা যাতে করে মাছ চাষে উদ্বুদ্ধ হয়, হাঁস চাষে উদ্বুদ্ধ হয় সেই ব্যবস্থা করব।

মন্ত্রী আরও বলেন, আমরা মনে করি যে মাছে ভাতে-বাঙালি। তার পূর্ণরূপ দেওয়ার জন্য আমরা এই খালটিকে মডেল খাল নাম দিয়েছি। আমাদের কাজ চলছে, আগামী ১৯ তারিখের আগেই আমরা সমস্ত কাজ সম্পন্ন করতে পারব।

ত্রাণমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর মন্ডলের হাটের এই খাল অন্যতম।

তিনি আরও বলেন, মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলিত হবে। প্রধানমন্ত্রীর সফরে খাল উদ্বোধনের পাশাপাশি এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম পরিদর্শন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধনের কর্মসূচিও রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের কর্মকর্তারাসহ রাজনৈতিক নেতা-কর্মীরা।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম