বাংলাদেশেও আসবে শাহরুখের ‘কিং’, প্রক্রিয়া কতদূর?
তিন বছর আগে পরপর তিনটি সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিলেন শাহরুখ খান। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ সিনেমাগুলো মুক্তি পেয়েছিল বাংলাদেশেও। এর মধ্যে ‘জওয়ান’ তো অসামান্য সাড়া পেয়েছিল।
২০২৩ সালে আরও একাধিক হিন্দি সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারপর দেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্যান্য কারণে আর কোনো হিন্দি সিনেমা আসেনি।
তিন বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন শাহরুখ খান। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে তার ‘কিং’। এই সিনেমা বাংলাদেশেও মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। আগের মতো এবারও উদ্যোগ নিয়েছেন নির্মাতা-প্রযোজক অনন্য মামুন। তার প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে প্রয়োজনীয় অনুমতি নেওয়া হচ্ছে।
ঢাকা পোস্টকে বিষয়টি জানিয়েছেন অনন্য মামুন। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) অনুমতির জন্য কাগজপত্র জমা দিয়েছি। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মধ্যে চুক্তি হয়ে গেছে। সেসব কাগজ জমা দিয়েছি বাংলাদেশ সরকারের কাছে। আইনে তো কোনো জটিলতা নেই। এখন বাকিটা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’
সাফটা চুক্তির (দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য বিষয়ক চুক্তি) আওতায় সিনেমা আমদানিতে বাধা নেই। তাই ‘কিং’ নিয়ে আশাবাদী মামুন। তিনি বলেন, ‘সবাই তো জানেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। দেখা যাক। এরকম সিনেমা আসা উচিত; এসব সিনেমা দেশে এলে হলগুলো বাঁচবে। দেশের সিনেমার অভাবে হলগুলোর তো খুব বাজে অবস্থা।’
অনন্য মামুনের কথার বাস্তবতাও রয়েছে। ঈদের বাইরে সারা বছরে দেশের প্রেক্ষাগৃহে উল্লেখযোগ্য কোনো সিনেমা মুক্তি পায় না। ফলে বছরজুড়েই লোকসানে ডুবে থাকে হলগুলো। সেক্ষেত্রে ‘কিং’-এর মতো আলোচিত বিদেশি সিনেমার মুক্তিতে হলের সংকট কিছুটা লাঘব হতে পারে বলে মনে করেন অনেকে।
সাফটা চুক্তির আওতায় একটি সিনেমা আমদানি করতে হলে আরেকটি রফতানি করতে হয়। সেক্ষেত্রে ২০২৫ সালের ‘জংলি’ ভারতে পাঠানো হবে বলে জানিয়েছেন মামুন। এম রাহিম পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় আছেন সিয়াম আহমেদ। এটি দেশে দারুণ ব্যবসা করেছিল।
উল্লেখ্য, ‘কিং’ বানিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার থাকছেন তার মেয়ে সুহানা খান। আর অভিনেতার সঙ্গে জুটি হয়েছেন তার লাকি চার্ম দীপিকা পাড়ুকোন। এছাড়াও থাকছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, অভয় ভার্মাসহ অনেকে।
সূত্র: ঢাকা পোষ্ট










