নিউজিল্যান্ড ক্রিকেটের নেতৃত্বে পরিবর্তন
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কেভিন ম্যালয়। ডায়ানা পুকেতাপু-লিন্ডনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সংস্থাটির ১৩২তম বার্ষিক সাধারণ সভার পর অনুষ্ঠিত বোর্ড সভায় ম্যালয়কে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
২০১৯ সাল থেকে এনজেডসির বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যালয়। এর আগে ছিলেন সংস্থাটির ডেপুটি চেয়ারম্যান। ক্রীড়া প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক নেতৃত্বেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বৈশ্বিক বিজ্ঞাপনী সংস্থা স্টারকমে ২৯ বছর কাজ করেছেন তিনি। এ ছাড়া সুপার রাগবি প্যাসিফিকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন ম্যালয়। আগামী ডিসেম্বরে শেষ হবে তার তিন বছরের মেয়াদ।
নতুন দায়িত্ব পেয়ে ম্যালয় বলেন, ‘এনজেডসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া সম্মানের। নিউজিল্যান্ডের মানুষের কাছে ক্রিকেট কতটা গুরুত্বপূর্ণ, তা আমি বুঝি। দেশের পাশাপাশি বিশ্বজুড়েই ক্রিকেট দ্রুত বদলে যাচ্ছে। এতে যেমন চ্যালেঞ্জ আছে, তেমনি সুযোগও রয়েছে।’
বিদায়ী চেয়ারম্যান ডায়ানা পুকেতাপু-লিন্ডনের অবদানেরও প্রশংসা করেছেন ম্যালয়। ২০১৭ সালে এনজেডসির বোর্ডে যোগ দিয়েছিলেন ডায়ানা। ২০২৩ সালে প্রথম নারী ও প্রথম মাওরি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে সংস্থাটির চেয়ারম্যান হয়েছিলেন তিনি। সর্বোচ্চ নয় বছর বোর্ডে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হওয়ায় পদ ছাড়েন ডায়ানা।
এদিকে বোর্ডে নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রেইন লোভেট ও জনো ব্রেন্ট। আনা ক্যাম্পবেল ও আলি শ্যাঙ্কস পুনর্নির্বাচিত হয়েছেন। তিন বছর দায়িত্ব পালনের পর বোর্ড ছাড়ছেন মাইক ডেভনশায়ার।
এনজেডসির প্রকাশিত আর্থিক হিসাব অনুযায়ী, ২০২৬ অর্থবছরে সংস্থাটির ঘাটতি হয়েছে ৭৩ লাখ নিউজিল্যান্ড ডলার। তবে ২০২৭ অর্থবছরে ১ কোটি ডলারের বেশি উদ্বৃত্তের প্রত্যাশা করছে তারা।
সূত্র: ঢাকা পোষ্ট










