আসিয়ান সম্মেলনে মিয়ানমারের জান্তা নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধ
মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংসহ শীর্ষ নেতাদের আসন্ন ৪৯তম আসিয়ান সম্মেলন ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। এর বদলে আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠেয় এ সম্মেলনে জান্তা সরকারের প্রতিনিধিত্ব করবেন দেশটির আসিয়ানবিষয়ক বিভাগের মহাপরিচালক।
বুধবার (১১ নভেম্বর) ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা নেতাদের আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান।
ফিলিপাইনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী আন্দোলনের নেত্রী ও মানবাধিকার সংগঠন প্রগ্রেসিভ ভয়েসের প্রতিষ্ঠাতা খিন ওমর। দ্য ইরাবতীকে তিনি বলেন, সম্মেলনে জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের কোনো জায়গা নেই, এমন আনুষ্ঠানিক নিশ্চয়তাকে তারা স্বাগত জানাচ্ছেন।
তিনি আরও বলেন, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রায়ের মুখোমুখি হতে যাওয়া জান্তা প্রধানকে আমন্ত্রণ জানালে মিয়ানমারের জনগণের প্রতি আসিয়ানের দায়িত্ব ও বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হতো।
এর আগে জান্তা সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি নিয়ে আসিয়ান নেতাদের সতর্ক করেছিল বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সোমবার স্পেশাল অ্যাডভাইজরি কাউন্সিল ফর মিয়ানমার (এসএসি-এম) এবং আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস এক যৌথ আহ্বানে মিন অং হ্লাইং ও তার জান্তা সরকারের শীর্ষ কর্মকর্তাদের সম্মেলন থেকে বাদ রাখার বিষয়টি দ্রুত নিশ্চিত করতে আঞ্চলিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল।
সূত্র: কালবেলা

















