বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৬:৪৯, ১২ নভেম্বর ২০২৬

‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার’ না করার বিষয়ে সতর্ক করল পাকিস্তান

‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার’ না করার বিষয়ে সতর্ক করল পাকিস্তান
সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে পানিকে রাজনৈতিক বা কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এ দেওয়া বক্তব্যে তিনি এসব আহ্বান জানান।

শেহবাজ শরিফ বলেন, জলবায়ু বিপর্যয়ের সময় শুধু জাতীয় পর্যায়ের উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন ন্যায্য ও কার্যকর বৈশ্বিক সহযোগিতা। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর দ্রুত সহায়তা ও অর্থায়ন প্রয়োজন, তবে সেই অর্থায়ন যেন তাদের ঋণের বোঝা আরও বাড়িয়ে না দেয়।

তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের পাশাপাশি অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও অভিযোজন তহবিল উল্লেখযোগ্যভাবে বাড়ানো জরুরি। বিশেষ করে অর্থনৈতিকভাবে সংকটে থাকা দেশগুলোর জন্য এসব তহবিল টিকে থাকার জন্য অপরিহার্য।

পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, পানিকে কখনোই অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। কোনো দেশই যেন ভাটির অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকাকে ঝুঁকির মুখে ফেলতে না পারে।

শেহবাজ আরও বলেন, পানি বণ্টনসংক্রান্ত চুক্তিগুলো অবশ্যই মেনে চলতে হবে।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে উত্তেজনা বিরাজ করছে। গত বছর ভারত-শাসিত কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করে এবং পাকিস্তানের সঙ্গে পানিসংক্রান্ত তথ্য আদান-প্রদান বন্ধ করে দেয়।

সূত্র: কালবেলা

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬ || ২৭ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন

সর্বশেষ

শিরোনাম