বার্নলিকে হারিয়ে শিরোপার একদম কাছে আর্সেনাল
আর্সেনাল ২২ বছরের মধ্যে তাদের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এমিরেটস স্টেডিয়ামে বার্নলির বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয়ের পর দারুণ সাফল্যের খুব কাছে তারা।
প্রথমার্ধের খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে কাই হাভার্টজ কর্নার থেকে হেডের সাহায্যে আর্সেনালকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে একটি মারাত্মক ট্যাকলের জন্য লাল কার্ড পাওয়া থেকে তিনি ভাগ্যক্রমে বেঁচে যান।
মিকেল আরতেতার শিষ্যদের এই জয় ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে দিলো। শিরোপার লড়াই শেষ দিন পর্যন্ত টিকিয়ে রাখতে হলে পেপ গার্দিওলার দলকে এখন মঙ্গলবার রাতে বোর্নমাউথের মাঠে অবশ্যই জিততে হবে।
যদি গার্দিওলার দল ভাইটালিটি স্টেডিয়ামে জিততে ব্যর্থ হয়, তবে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা উদযাপনে মাতবে গানাররা।
গত ১৯ এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী সিটির কাছে ২-১ ব্যবধানে হেরে যাওয়ার পর মনে হচ্ছিল, ২০০৪ সালে আর্সেন ভেঙ্গারের অধীনে অপরাজিত 'ইনভিন্সিবলস’ কীর্তির পর প্রথম লিগ শিরোপা জেতার আশা হয়তো এবারও শেষ হয়ে গেল আর্সেনালের।
কিন্তু গত তিন মৌসুম ধরে লিগে রানার্সআপ হওয়া গানাররা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। কোনো গোল না হজম করেই তারা পরের চারটি ম্যাচ জিতেছে। 'কাছাকাছি গিয়েও না পারা'র তকমা মুছে ফেলার এবং আর্তেতাকে তার প্রায় সাত বছরের কোচিং ক্যারিয়ারে দ্বিতীয় ট্রফি এনে দেওয়ার জন্য তারা এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে।
আগামী ৩০ মে প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলবে তারা, ইউরোপের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট আর্সেনাল এর আগে কখনও জেতেনি। তার আগে, তারা সেলহার্স্ট পার্কে লিগের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে, যেখানে সিটির চেয়ে অন্তত দুই পয়েন্টের ব্যবধান তাদের থাকছেই।
এফএইচএম/এসএইচএ
সূত্র: ঢাকা পোষ্ট



.webp)











