বগুড়া সিটি করপোরেশন ও ৫ উপজেলা অনুমোদন
বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বগুড়া পৌরসভাকে উন্নীত করে বগুড়া সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসনিক সুবিধা ও জনসেবার মান বাড়াতে দেশের চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। নতুন উপজেলাগুলো হল– বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’উপজেলা। নতুন এই পাঁচটি নিয়ে দেশে উপজেলার সংখ্যা হবে ৫০০।
সভায় বলা হয়, নতুন সিটি করপোরেশন ও উপজেলাগুলো গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর করে নাগরিক সেবা প্রদান এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। নিকারের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়াসহ দেশে সিটি করপোরেশনের সংখ্যা হবে ১৩টি।
প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ও ওয়াক্ফ প্রশাসকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াক্ফর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে গতকাল এ সাক্ষাৎ হয়। এ সময় তারা ওয়াক্ফ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তার নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি। গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
হাওর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। সভায় সিদ্ধান্ত হয়, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সে জন্য ধানের চারা আগেভাগে রোপণ এবং ধান কাটার মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া হাওরাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন ও মোহাম্মদ কয়সর আহমদ সভায় অংশ নেন।






.webp)








.avif)
.webp)
