শুক্রবার   ০৮ মে ২০২৬ || ২৪ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৪:৩৩, ৮ মে ২০২৬

ঢাবি ট্রেজারারের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান কর্মসূচি

ঢাবি ট্রেজারারের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান কর্মসূচি
সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পরিবহন খাতে সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ আনার পরও বাস চলাচল শুরু না করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডাকসু নেতারা।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল।

অবস্থান কর্মসূচিতে ডাকসু নেতারা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— ‘শিক্ষার্থীদের অধিকার, খর্ব করে ট্রেজারার’, ‘ডাকসুর আনা বরাদ্দে, ট্রেজারারের নজর কেন?’, ‘শিক্ষার্থীদের ভোগান্তি, ট্রেজারারের প্রশান্তি’, ‘বাজেট নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘ডাকসু যখন টার্গেট, বাতিল করে বাজেট’, ‘বাজেট আনার মুরোদ নাই, আনলে বলে দরকার নাই’ ইত্যাদি।

ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল শনিবার বাস ট্রিপ চালু করা। আমরা ইউজিসি থেকে পরিবহন খাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ আনার পরেও ট্রেজারার শনিবারের ট্রিপ আটকে দেন। আমরা গতকালও স্যারের (ট্রেজারার) কাছে গিয়েছিলাম, দেখলাম ফাইলটি ওনার টেবিলে কয়েকদিন ধরে পড়ে রয়েছে। আমরা যখন স্যারকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম, তিনি বলেন, ‘আমার অফিসের সিদ্ধান্ত আমি নেব। কখন এটা পাঠাব সেটা আমার সিদ্ধান্ত।’

আসিফ আবদুল্লাহ আরও বলেন, আমরা দুই বছরের জন্য বাজেট নিয়ে এসেছি। কিন্তু উনি বলছেন যে দুই বছর পরে এটার কী হবে? আমাদের ডাকসুর মেয়াদ তো এক বছর। আমরা দুই বছরের জন্য বাজেট বরাদ্দ করে নিয়ে এসেছি। দুই বছর পর উনি নিজে এই চেয়ারে থাকবেন কি না, তার কি গ্যারান্টি আছে?

তিনি অভিযোগ করে বলেন, আমরা সেন্ট্রাল মসজিদে এসি নিয়ে এসেছি, কিন্তু সেই এসির বৈদ্যুতিক লাইন দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের জন্য কোটি টাকার বাজেট আনা হয়েছে, কিন্তু সেই কাজ করতে দেওয়া হচ্ছে না। উনি প্রত্যেকটি কাজে বাধা দিচ্ছেন। ডাকসু যেন কাজ করতে না পারে, সেই কারণে প্রতিটি কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।

‘এখন সিন্ডিকেট মিটিং চলছে। আমরা এখানে এসেছি এবং দাবি আদায় না করে যাব না।’

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহমেদ বলেন, সিন্ডিকেট মিটিংয়ে এই বিষয়ে আলোচনা চলছে। সেখান থেকেই সিদ্ধান্ত আসবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ০৮ মে ২০২৬ || ২৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন