শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:০৯, ১৬ এপ্রিল ২০২৬

বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ করে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি

বগুড়ায় ২৫০০ লিটার ডিজেল জব্দ করে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি
সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় ডিজেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করে তা কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স বিমল ট্রেডার্সের মালিক শ্রী স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী মেসার্স বিমল ট্রেডার্সের প্রতিষ্ঠানটির সর্বোচ্চ ৫ হাজার লিটার ডিজেল মজুতের অনুমতি থাকলেও মালিক স্বপন চন্দ্র মন্ডল প্রায় ৯ হাজার লিটার তেল সংগ্রহ করেন। এর মধ্যে কিছু তেল বিক্রি করলেও অবশিষ্ট ২ হাজার ৫০০ লিটার গোপনে মজুত রাখা হয়। 

অভিযোগ রয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্য আদায় করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধ তেল জব্দ করে কৃষকদের মাঝে বিক্রি করে দেন।

স্থানীয় কৃষক আরব আলী বলেন, তেলের অভাবে আমরা জমিতে সেচ দিতে পারছিলাম না। অথচ দোকানে তেল মজুত রেখে আমাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল। প্রশাসনের অভিযানে আমরা ন্যায্যমূল্যে তেল পেয়েছি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে পেট্রোলিয়াম আইনের আওতায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি বলেন, জব্দকৃত ডিজেল স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

আব্দুল মোমিন/আরএআর

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ || ১০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন