মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:২৩, ২৮ এপ্রিল ২০২৬

ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে ম্যানইউ

ব্রেন্টফোর্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে ম্যানইউ
সংগৃহীত

পরের চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে টেবিলের শীর্ষ পাঁচটি দল খেলবে। সেরা পাঁচ দলের মধ্যে থাকার লড়াইয়ে গতকাল (সোমবার) ব্রেন্টফোর্ডকে হারিয়ে বেশ শক্ত অবস্থান নিলো ম্যানচেস্টার ইউনাইটেড।

৩৪ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার ক্লাব। লিভারপুল ও অ্যাস্টন ভিলা সমান ৫৮ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে। ষষ্ঠ দল ব্রাইটনের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে মাইকেল ক্যারিকের দল।

ইউনাইটেডের উত্থান ও ইউরোপে ফেরার মিশনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্রুনো ফের্নান্দেজের। চলতি মৌসুমে ১৯তম গোল বানিয়ে দিলেন অধিনায়ক। বিদায়ী মৌসুম স্মরণীয় করে রাখতে এদিন হেড করে জাল কাঁপান কাসেমিরো। তারপর বিরতির আগে বেঞ্জামিন সেসকো করেন দলের দ্বিতীয় গোল।

ফের্নান্দেজ আর একটি অ্যাসিস্ট করলে এক মৌসুমে রেকর্ড ২০ অ্যাসিস্টের যৌথ মালিক হবেন কেভিন ডি ব্রুইনা ও থিয়েরি অঁরির সঙ্গে।

চমৎকার ভারসাম্য ও ফুটওয়ার্ক দিয়ে শুরুর দিকে সুযোগ তৈরি করেছিলেন কোবি মাইনু। তার পাস ধরে আমাদ দিয়ালোর শট গোললাইনে ব্লক করেন সেপ ফন ডেন বার্গ।

ফের্নান্দেজের ক্রসে হ্যারি ম্যাগুইরের হেড ফিরিয়ে দেন ব্রেন্টফোর্ড গোলকিপার কায়োমহিন কেলেহের। ইউনাইটেডের এই দুজন প্রথম গোলে অবদান রাখেন। অধিনায়কের ১১তম মিনিটের কর্নারে রেড ডেভিল ডিফেন্ডার ব্যাকপোস্টে হেড পাস দেন। কাসেমিরো হেড করে জাল কাঁপান। এই মৌসুমে চুক্তি শেষ হচ্ছে ব্রাজিলের আন্তর্জাতিক তারকার। গোল করে দলের ব্যাজে চুমু খেয়ে ভক্তদের সামনে উদযাপন করেন।

ফেব্রুয়ারির পর প্রথমবার পিছিয়ে পড়া ব্রেন্টফোর্ড এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ম্যানইউ কিপার সেনে লামেন্স শক্ত হাতে ফিরিয়ে দেন মাইকেল কায়োদেকে। তারপর ইগোর থিয়াগো কয়েকবার আক্রমণে গিয়ে ম্যানইউকে চাপে ফেলেছিলেন। ব্রাজিল স্ট্রাইকারকে প্রতিহত করেন  লামেন্স। পরে এইডেন হিভেন গোলমুখে শট নিতে তার সামনে বাধা হয়ে দাঁড়ান।

কিছুক্ষণ পরই হিভেনের গায়ে লেগে আত্মঘাতী গোল হজম করতে বসেছিল  ইউনাইটেড। দ্রুত লামেন্স সাড়া দিয়ে দলকে বাঁচান। ব্রেন্টফোর্ডের রক্ষণে ফাটল ধরে। আমাদ দ্বিতীয়বার জালে বল জড়ালেও অফসাইডের কারণে ২-০ হয়নি। অবশ্য ৪৩তম মিনিটে তারই চেষ্টায় কাউন্টার অ্যাটাক থেকে ফের্নান্দেজ বল নিয়ে বক্সে ঢোকেন। ঠাণ্ডা মাথায় তিনি সেসকোকে বল দেন। ২২ বছর বয়সী স্লোভেনিয়ান ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন। ম্যাগুইরেকে ফিরিয়ে দিয়ে কেলেহের বিরতির আগে ম্যানইউকে তৃতীয় গোল করতে দেননি।

ম্যাচসেরা কাসেমিরোর নিচু দূরপাল্লার শট অল্পের জন্য গোলবারের পাশ দিয়ে যায়। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে ব্রেন্টফোর্ড একটি গোল শোধ দেয়। ইউনাইটেডের ক্লান্ত রক্ষণভাগের সুযোগ নিয়ে মাথিয়াস জেনসেন জালে বল ঠেলে দেন।

শেষ দিকে মিকেল ডামসগার্ডের হেড ভয় ধরায় রেড ডেভিলদের মনে। লামেন্স রুখে দেন ওই শট এবং নিজের পঞ্চম সেভে ম্যানইউর জয় নিশ্চিত করেন।    

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ || ১৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন