বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:১২, ২০ মে ২০২৬

আরেকটি বিধ্বংসী ইনিংস বৈভবের, রেকর্ডে টক্কর দিচ্ছেন গেইলদের সঙ্গে

আরেকটি বিধ্বংসী ইনিংস বৈভবের, রেকর্ডে টক্কর দিচ্ছেন গেইলদের সঙ্গে
সংগৃহীত

আইপিএলের চলতি আসরে দুইশ’র বেশি রানের লক্ষ্যকে ‘ডালভাতে’ পরিণত করার পরিসংখ্যান আগেই সামনে এসেছিল। এমনকি ২২০+ লক্ষ্য ছোঁয়ার বিগত সব আসরের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের আইপিএল। এই রেকর্ডে সবার উপরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। তাতে বড় ভূমিকা রেখে চলেছেন দুই ওপেনার বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। বৈভব গতকাল (মঙ্গলবার) আরেকটি বিধ্বংসী ইনিংস খেলার পথে কয়েকটি রেকর্ড নতুন করে লিখেছেন।

জয়পুরে স্বাগতিক রাজস্থানের বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস ৫ উইকেটে ২২০ রান ‍তোলে। দলটির পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করে দুর্ভাগ্যের রানআউটে কাটা পড়েন মিচেল মার্শ। এ নিয়ে চলতি আসরে দু’বার নব্বইয়ের ঘরে তিনি রানআউট হলেন। ৫৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজান এই অস্ট্রেলিয়ান তারকা। এ ছাড়া জশ ইংলিস ২৯ বলে ৬০ ও ঋষভ পান্ত ৩৫ রান করেন। লক্ষ্য তাড়ায় রাজস্থানকে নেতৃত্ব দিয়েছেন বৈভব সূর্যবংশী। ৫ বল এবং ৭ উইকেট হাতে রেখে বড় জয় পেয়েছে রাজস্থান।

বৈভবও কাটা পড়েছেন নব্বইয়ের ঘরে। ৩৮ বলে ৭ চার ও ১০ ছক্কায় তিনি ৯৩ রান করেন। এ ছাড়া ধ্রুব জুরেল ৫৩ এবং জয়সওয়াল ৪৩ রান করে জয় ত্বরান্বিত করেন রাজস্থানের। ফ্র্যাঞ্চাইজিটি আইপিএলে সর্বোচ্চ ৪ ম্যাচে ২২০ রানের বেশি লক্ষ্য তাড়ায় জয়ের রেকর্ড গড়ল। দ্বিতীয় সর্বোচ্চ ৩ বার করে এমন জয় আছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের। আর সবমিলিয়ে ৭ বার দুইশ’র বেশি লক্ষ্য তাড়ায় জিতে তিন নম্বরে আছে রাজস্থান। এদিক থেকে তাদের উপরে আছে পাঞ্জাব (১১) ও মুম্বাই ইন্ডিয়ান্স (৮)। 

Yashasvi Jaiswal and Vaibhav Sooryavanshi scored rapidly together, Rajasthan Royals vs Lucknow Super Giants, IPL 2026, Jaipur, May 19, 2026

চলতি আসরে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৫৭৯ রান করে রানসংগ্রাহকদের তালিকায় শীর্ষে উঠে গেলেন বৈভব। ৫৬৩ রানে মিচেল মার্শ ও ৫৫৫ রান করে এরপর অবস্থান হেইনরিখ ক্লাসেনের। আইপিএলের সর্বকনিষ্ঠ (১৫ বছর ৫৪ দিন) ব্যাটার হিসেবে বৈভব এক আসরে ৫০০ রান করার রেকর্ড গড়লেন। ২০১৮ সালে ওই রেকর্ড গড়েছিলেন পান্ত। তখন অবশ্য তার বয়স ২০ পেরোয়। এ ছাড়া এক আসরে ন্যূনতম ৫০০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট বৈভবের (এখন পর্যন্ত ২৩৬.৩)। এর আগে আন্দ্রে রাসেল ২০১৯ সালে সর্বোচ্চ ২০৫ স্ট্রাইকরেটে ৫০০ করেন।

বেশ কয়েকটি রেকর্ডে ইউনিভার্স বস–খ্যাত ক্রিস গেইলের সঙ্গে টক্কর দিচ্ছেন বৈভব সূর্যবংশী। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি আইপিএলের এক মৌসুমে (২০১২) সর্বোচ্চ ৫৯ ছক্কা মেরেছেন। আর চলতি মৌসুমে বৈভব হাঁকিয়েছেন ৫৩ ছক্কা। গ্রুপপর্বে আরেক ম্যাচ বাকি রাজস্থানের, সেখানে জিতলে ম্যাচসংখ্যা বাড়বে তরুণ এই ব্যাটারের। এ ছাড়া আইপিএলের এক ইনিংসে সর্বোচ্চ ৪ বার ১০+ ছক্কা মেরেছেন গেইল। বৈভব গতকালের ম্যাচ নিয়ে ৩ বার ওই নজির গড়ে গেইলের সঙ্গে টক্কর দিচ্ছেন। কেবল এই মৌসুমে দুই ম্যাচে ১০+ ছক্কা হাঁকালেন বৈভব, এই রেকর্ড আছে আর কেবল ফিন অ্যালেনের (কলকাতা নাইট রাইডার্স)।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে আইপিএলের এক মৌসুমে (২০২৩, রাজস্থান) সর্বোচ্চ ৬২৫ রান করার রেকর্ডটি জয়সওয়ালের দখলে। ৬১৬ রান নিয়ে পরের অবস্থানে শন মার্শ (২০১৮, পাঞ্জাব)। বৈভব (৫৭৯) রয়েছেন তিনে। তার সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছানি দিচ্ছে। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন