সৌদি আরবে সেনা ও যুদ্ধবিমান পাঠাল মিসর
সৌদি আরবের প্রতি সামরিক সহায়তার বিষয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির প্রকাশ্য ঘোষণার অনেক আগেই দেশটিতে সেনা, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছিল কায়রো। মিসরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
বুধবারের (১১ নভেম্বর) এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন কৌশলগত স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের পাশাপাশি সেখানে সামরিক বিমান ও সেনাসদস্য পাঠায় মিসর। এ মোতায়েনের মধ্যে ছিল এক স্কোয়াড্রন রাফাল যুদ্ধবিমান, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান।
নাম প্রকাশ না করার শর্তে মিসরের এক সামরিক কর্মকর্তা মিডল ইস্ট আইকে এসব তথ্য জানিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।
ওই কর্মকর্তা আরও জানান, মিসরের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে এসব জাহাজ। এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে মিসরের উদ্বেগ বাড়ার মধ্যেই এসব সামরিক তৎপরতা দেখা গেছে।
এর আগে গত আগস্টেও বাব আল মান্দেব প্রণালির আশপাশে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিসর বলে খবর প্রকাশিত হয়। সে সময় আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের দিকে মোতায়েনের খবর পাওয়া যায়।
লোহিত সাগরের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার বিষয়টি মিসর ও সৌদি আরব উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাব আল-মান্দেব প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বাড়লে আঞ্চলিক বাণিজ্য ও আন্তর্জাতিক নৌপরিবহনে বড় ধরনের প্রভাব পড়ে।
সূত্র: কালবেলা

















