গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব অ্যাওয়ার্ড পেলেন মালদ্বীপ প্রবাসী হাদিউল
ব্যবসায়িক উৎকর্ষতা, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫’-এ সম্মানিত হয়েছেন মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী মো. হাদিউল ইসলাম।
গত মঙ্গলবার (৫ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এবং সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল, নতুনধারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন ও এনটিভির পরিচালক আলহাজ নুরুদ্দিন আহমেদ।
সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ, সহসভাপতি সুজন দে, সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান এবং উদযাপন কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদ এবং দেশের বিউটি শিল্পের অগ্রদূত প্রয়াত আলী আহমেদকে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয়।
একই আয়োজনে অর্থনীতি, শিল্প, ব্যবসা, সংস্কৃতি, সাংবাদিকতা ও গণমাধ্যমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় মালদ্বীপ প্রবাসী উদ্যোক্তা ও চমক গ্রুপ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাদিউল ইসলামকে তার বহুমাত্রিক ব্যবসায়িক সাফল্য, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক পরিমণ্ডলে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘গ্লোবাল ব্র্যান্ডস-ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড-২০২৫’ এ ভূষিত করা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)














