মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ || ১৮ ফাল্গুন ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৪৭, ৩ মার্চ ২০২৬

ফাইনালে শান্ত-লিটনদের বিপক্ষে নামছেন সাইফ-নাঈমরা

ফাইনালে শান্ত-লিটনদের বিপক্ষে নামছেন সাইফ-নাঈমরা
সংগৃহীত

পাকিস্তান সিরিজকে লক্ষ্য বানিয়ে প্রস্তুতির লক্ষ্যে ওয়ানডে ফরম্যাটে বিসিএল খেলছে বাংলাদেশ জাতীয় দলসহ বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। ঘরোয়া এই প্রতিযোগিতার ফাইনাল আজ (মঙ্গলবার) দুপুর ২টা ১৫ মিনিটে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে খেলবে সেন্ট্রাল জোন। যে ম্যাচে নর্থ জোনের হয়ে খেলছেন একাধিক জাতীয় দলের ক্রিকেটার।

নর্থ জোনের নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। গতকাল (সোমবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলটির কোচ তারেক আজিজ খান বলেন, ‘সাব্বির (রহমান) গত ম্যাচে তার সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমাদের সব প্লেয়ার এখন প্রস্তুত ফাইনাল ম্যাচের জন্য। আমরা একটা সঠিক কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চাই এবং কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনতে চাই।’

এতদিন টুর্নামেন্টটির ম্যাচগুলো বগুড়া ও রাজশাহীতে হয়েছে। সেখানকার উইকেট নিয়ে সন্তুষ্টি শোনা গেছে সবার মুখে। মিরপুরেও তেমন কিছুই চান তারেক– ‘বিসিএলে কিন্তু এবার চমৎকার উইকেট হয়েছে। আমরা আশা করতে পারি মিরপুর তার সেই চিরাচরিত চরিত্র থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আশা করি ভালো উইকেট পাব। বড় রান করার যে অভ্যাস বা ফ্ল্যাট উইকেটে বল করার যে অভ্যাস, সেটা প্লেয়াররা দু’ভাবেই রপ্ত করার সুযোগ পাবে।’

এদিকে, সেন্ট্রাল জোনের ব্যাটার সাইফ হাসান বলেন, ‘যেহেতু আমরা ফাইনালে উঠছি, আরও একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারব।’

নর্থ জোনের কোচের সুরে সুর মিলিয়ে মিরপুরের উইকেট নিয়ে আশাবাদী হতে চাইলেন সাইফও, ‘বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে, আর মিরপুরে কালকে (আজ) যেহেতু দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ অনুশীলন থাকে, অবশ্যই খুবই ভালো ব্যাটসম্যান হিসেবে যদি বলি। তাই ম্যাচটি যেখানেই খেলি না কেন, নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি।’

ডানহাতি এই ওপেনার আরও বলেন, ‘গত এক-দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা পেয়েছি, তাও টি-টোয়েন্টির মাঝখানে। এখন যেসব ওয়ানডে সিরিজ আছে অবশ্যই (পরবর্তী বিশ্বকাপের) প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।’

এসএইচ/এএইচএস

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ