বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:২০, ২১ মে ২০২৬

কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনায় বাপার ১০ দফা দাবি

কোরবানির হাট ও বর্জ্য ব্যবস্থাপনায় বাপার ১০ দফা দাবি
সংগৃহীত

যত্রতত্র কোরবানির পশুর হাট বসানো বন্ধ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বুধবার (২০ মে) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, কোরবানির সময় রাজধানীতে অপরিকল্পিত পশুর হাট, বর্জ্য অপসারণে ধীরগতি এবং ড্রেন-খালে বর্জ্য ফেলার কারণে প্রতিবছর পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভাপতির বক্তব্যে বাপার সহসভাপতি মহিদুল হক খান বলেন, বর্তমান সিটি করপোরেশনগুলোর বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। নাগরিক চাহিদা অনুযায়ী আধুনিক ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে না পারলে জনসেবা ব্যাহত হবে।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বাপা দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ, মানববন্ধন ও প্রচারণার মাধ্যমে সচেতনতা তৈরির কাজ করছে।

কোষাধ্যক্ষ আমিনুর রসুল বলেন, কোরবানির বর্জ্য যেন জনদুর্ভোগের কারণ না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ বছর সিটি করপোরেশনগুলো আগের যেকোনো সময়ের চেয়ে ভালো সেবা নিশ্চিত করবে বলে আশা করছি।

অন্যরা বক্তারা বলেন, প্রতিবছর দ্রুত বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তা দেখা যায় না। কোরবানির পবিত্রতা রক্ষা করে নির্ধারিত সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণ করতে হবে। রাস্তা বা ড্রেনের পাশে কোরবানি বন্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে। একই সঙ্গে জীবাণুনাশক, বস্তা, পলিথিন ও ব্লিচিং পাউডার পর্যাপ্ত পরিমাণে সরবরাহ নিশ্চিত করতে হবে।

সমাবেশ থেকে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— নির্ধারিত স্থানের বাইরে পশুর হাট বন্ধ, প্রতিদিনের হাটের বর্জ্য দ্রুত অপসারণ, এলাকাভিত্তিক কোরবানির স্থান নির্ধারণ, পাড়া-মহল্লায় স্থায়ী জবাইকেন্দ্র স্থাপন, ড্রেন-খাল-রাস্তায় বর্জ্য ফেলা বন্ধ, হটলাইন চালু, মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি নিশ্চিত করা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, জাভেদ জাহান, অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার, বাপার নির্বাহী কমিটির সদস্য আশরাফ আমিরুল্লাহ, জাতীয় কমিটির সদস্য নাজিম উদ্দীন, জীবন সদস্য ফরিদ উদ্দিন আহমেদ ও ঢাকা যুব ফাউন্ডেশনের মুখপাত্র মো. ইমরান হোসেন প্রমুখ।

সমাবেশ শেষে বাপার একটি প্রতিনিধিদল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন