মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ || ২৩ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৫২, ৭ এপ্রিল ২০২৬

বগুড়ায় তারকাদের মিলনমেলা: মম ইনে বসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর

বগুড়ায় তারকাদের মিলনমেলা: মম ইনে বসছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর
সংগৃহীত

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সঙ্গীত আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর বসতে যাচ্ছে বগুড়ায়। আজ ৭ এপ্রিল পাঁচ তারকা হোটেল মম ইনে অনুষ্ঠিত হতে যাওয়া এই জমকালো আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে টিএমএসএস।

এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই বগুড়ায় নেমেছে তারকাদের মিলনমেলা। দেশের সঙ্গীত ও বিনোদন জগতের শীর্ষস্থানীয় তারকারা অংশ নিতে পৌঁছেছেন অনুষ্ঠানে। উপস্থিত রয়েছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা, জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, কনা, ইমরান মাহমুদুল এবং চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ আরও অনেক তারকা শিল্পী।

এবারের আসরে মোট ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। বাংলা সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। অন্যদিকে, দীর্ঘদিন ধরে লোকসংগীতে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে কাঙালিনী সুফিয়াকে। তার পল্লীগীতি ও মরমী গান বাংলার লোকসংগীতকে সমৃদ্ধ করেছে এবং নতুন মাত্রা যোগ করেছে।

উত্তরবঙ্গের বগুড়ায় প্রথমবারের মতো এমন আন্তর্জাতিক মানের আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন শুধু পুরস্কার বিতরণ নয়—বাংলা সংগীতের ঐতিহ্য ও আধুনিকতার এক মিলনমেলায় পরিণত হবে এবারের আসর।

সূত্র: social media