মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ || ২৩ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৪:০৮, ৭ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ উপ-নির্বাচন: শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার প্রচারণা

বগুড়া-৬ উপ-নির্বাচন: শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচার প্রচারণা
সংগৃহীত

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচন ৯ এপ্রিল। নির্বাচনকে ঘিরে সরব প্রার্থী, নেতা-কর্মীরা। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) মধ্যরাত থেকে শেষ হচ্ছে প্রচারণা। এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি ও জামায়াতের উভয় প্রার্থীই।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে প্রথম বারের মতো অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী হন তারেক রহমান। নির্বাচনে বিএনপি প্রার্থী তারেক রহমান বিপুল ভোটে জয় পেলেও রাজনৈতিক কৌশল অনুযায়ী ছেড়ে দেন এ আসন।

এ আসন শূন্য ঘোষণা হলে আবারও শুরু হয় ভোটের দৌড়। বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল চষে বেড়াচ্ছেন নির্বাচনি এলাকার আনাচে কানাচে। আগের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয় পেলেও এবারের উপ-নির্বাচনে জয়ের আশা বিএনপি-জামায়াত দুই দলের প্রার্থীরই।

বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, ‘এরই মধ্যে রগুড়ার জনগণ এ নির্বাচনে সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ তারেক রহমানের ধানের শিষ বিজয়ের দ্বারপ্রান্তে আছে।’

জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবেদুর রহমান সোহেল বলেন, ‘জয়ের ব্যাপারে এবার বগুড়াবাসী ভুল করবে না। বিগত নির্বাচনে একজন শক্ত প্রার্থী ছিলেন সেসময়ও আমি ৯৭ হাজার ভোট পেয়েছি। আশাকরি এবার জনগণ আমাকে বেছে নেবে।

উপ-নির্বাচন নিয়ে উত্তাপ না থাকলেও রাজনৈতিক সচেতন সাধারণ ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন করবে এমন ভাল মানুষ দেখে তারা ভোট দিতে চান।

উপ-নির্বাচনকে ঘিরে সব সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রশাসনের। প্রতিটি কেন্দ্রে আনসার পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি টহল টিম এবং ভ্রাম্যমাণ আদালত টহল দেবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আশাবাদ এই পুলিশ কর্মকর্তার।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘আসন্ন উপনির্বাচনের প্রস্তুতির জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে বিএনপি এবং জামায়াতের প্রার্থী অংশ নিয়েছেন। প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে মোট ১৫০টি ভোট কেন্দ্র।