মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ || ২৩ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৫৭, ৭ এপ্রিল ২০২৬

বগুড়ার শেরপুরে বিভিন্ন পেট্রোলপাম্পে সতর্কতামূলক অভিযানে জরিমানা

বগুড়ার শেরপুরে বিভিন্ন পেট্রোলপাম্পে সতর্কতামূলক অভিযানে জরিমানা
সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন পেট্রোলপাম্পে সতর্কতামূলক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার নাবিল তেল পাম্প এলাকায় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় দুজন চালককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অতিরিক্ত ভিড় ও চাপ সামাল দিতে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চালাতে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন ও হেলমেট বাধ্যতামূলক। যাদের এসব কাগজপত্র নেই, তাদের তেল সরবরাহ করা হচ্ছে না এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘সড়কে দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধু পাম্পেই নয়, প্রয়োজনে সড়কেই মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট পরা সংক্রান্ত চেকিং জোরদার করা হবে।

সূত্র: আঃ হালিম