শুক্রবার   ২২ মে ২০২৬ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৪২, ২১ মে ২০২৬

বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস

বাংলাদেশের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস
সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি, চাকরির বাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) ব্যবস্থার আধুনিকায়নে যুক্তরাজ্যের সহযোগিতা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে বুধবারএই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। 

অন্যদিকে যুক্তরাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির ‘ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড’-এর ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্র্যাটেজি ডেলিভারি লিড জোনাথন লেজার।

বৈঠকে কেমব্রিজ পার্টনারশিপ ফর এডুকেশনের পিয়ারসন এবং যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দও অংশগ্রহণ করেন।

বৈঠকে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বর্তমান সরকারের অগ্রাধিকারের বিষয়টি দৃঢ়ভাবে তুলে ধরেন।

তারা বিশেষ করে শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি, তাদের চাকুরির বাজারের জন্য যোগ্য করে গড়ে তোলা, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ (ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া লিঙ্কেজ) জোরদার করা এবং বাজার-চাহিদা অনুযায়ী আধুনিক কারিকুলাম ও কারিগরি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি জোনাথন লেজার বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় চাহিদা এবং অগ্রাধিকারের সাথে সঙ্গতি রেখে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে তাদের কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে যুক্তরাজ্যের উন্নত প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

অনলাইন জরিপ

শুক্রবার   ২২ মে ২০২৬ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন