মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩২, ১৮ মে ২০২৬

জয়পুরহাটে ১৯ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’

জয়পুরহাটে ১৯ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’
সংগৃহীত

জয়পুরহাটে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’। জেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হবে, যা চলবে ২১ মে পর্যন্ত। ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করা এবং এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।আজ রোববার (১৭ মে) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এক প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক (ডিসি) মো: আল মামুন মিয়া এ তথ্য জানিয়েছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিপুল কুমার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দীকা তাওহীদা, মো: আবু নেছার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ১৯ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করবেন। জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে স্থানীয় প্রশাসন ও আমন্ত্রিত অতিথিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত থাকবেন। মেলা উপলক্ষে গণশুনানি, সচেতনতামূলক সেমিনার, জনসভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে উপস্থিত জনসাধারণের মাঝে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করা হবে।মেলা উপলক্ষে ৩ দিনে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।

এর মধ্যে রয়েছে- ১৯ মে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালী, সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকাল ৩টায় গণশুনানি। ২০ মে সকাল ১০টায় সেমিনার এবং বিকাল ৩টায় জনসভা। শেষ দিন ২১ মে সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতা, দুপুর ১২টায় স্টল পরিদর্শন এবং দুপুর ২টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া বলেন, তিন দিনব্যাপী এই মেলায় বিভিন্ন স্টল ও বুথের মাধ্যমে নাগরিকদের সরাসরি বিভিন্ন ভূমি সেবা দেওয়া হবে।

মেলা থেকে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, অনলাইনে ডিসিআর, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে। এছাড়া ডিজিটাল ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ এবং সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ডিসি আরও বলেন, ডিজিটাল ব্যবস্থার কারণে এখন মানুষ ঘরে বসেই অনেক ভূমি সেবা পাচ্ছেন। এতে সাধারণ মানুষের সময় ও খরচ যেমন বাঁচছে, তেমনি হয়রানিও কমেছে। কোনো মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ে সরকারি নিয়ম মেনে সহজেই ভূমি সেবা নেওয়ার জন্য তিনি নাগরিকদের আহ্বান জানান।

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন